জাতীয় সংসদ নির্বাচনে কেমন ছিল ভালুকায় ভোটের পরিবেশ
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের ভোটগ্রহণ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেনের তত্ত্বাবধানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে ভালুকার ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
এছাড়া নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত কঠোর অবস্থানে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভোট গণনার কার্যক্রম শুরু করেন। যেসব কেন্দ্রে বিকেল ৪টার আগে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাদের ভোটগ্রহণ শেষ করে তারপর গণনা শুরু করা হয়।
১০৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং টানা নয় ঘণ্টা বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়।
ভালুকা উপজেলা সহকারী রিটার্নিং অফিসের তথ্যানুযায়ী, এবারের নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) নির্বাচনী এলাকার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে মহিলা ৭টি, পুরুষ ৭টি এবং সাধারণ ৯৩টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম হরিণ প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট।
এছাড়া জাহিদুল ইসলাম (এনসিপি) শাপলাকলি প্রতীক, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (গণ অধিকার পরিষদ) ট্রাক প্রতীক এবং মোঃ মোস্তফা কামাল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন,
“ভালুকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে আরও প্রাণবন্ত করেছে এবং কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
ভোটের পরিবেশ নিয়ে নবাগত সংসদ সদস্য ফখরউদ্দিন আহম্মেদ সন্তোষ প্রকাশ করেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































